চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিনির্য়স ডক্টরস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নগরীর চট্টগ্রাম ক্লাব লিমিটেডে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় এই জমকালো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সিনিয়র্স ডক্টরস ক্লাবের সভাপতি প্রফেসর ড. এএইচএম ইসহাক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. এম এ ফয়েজ। ক্লাবের সাধারণ সম্পাদক কিউ এম ওহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা ও আহবায়ক ডা. একেএম নাসির উদ্দিন।
অনুষ্ঠানে একটি বিশেষ দিক ছিল সম্মাননা প্রদান। প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডা. এম এ ফয়েজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে সম্মানজনক ‘ডক্টর লি জং ওয়ার্ক মেমোরিয়াল পদক ২০২৬’ প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ওমর ফারুক ইউসুফ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ডা. খুরশিদ জামিল চৌধুরী। এছাড়াও চট্টগ্রামের প্রবীণ চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মিলন মেলা আয়োজনের ফলে চট্টগ্রামের সব চিকিৎসকদের একই ছাদের নিচে আসার একটি অবারিত সুযোগ তৈরি হয়েছে। তারা চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। একইসাথে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে লাকি কুপন ড্র পরিচালনা করেন পটিয়া লাইফ কেয়ার হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. জালাল উদ্দীন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















