চট্টগ্রাম রবিবার, ১২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীর বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি জহিরুল ইসলামের

বিজ্ঞপ্তি

১২ জুলাই, ২০২৬ | ৮:২২ অপরাহ্ণ

বন্যাকবলিত বাঁশখালীর মানুষের পাশে দেশ-বিদেশের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম।

 

 

রবিবার দুপুরে বাঁশখালীর পুঁইছড়িতে সুলতান আহমেদ ফাউন্ডেশন ও ব্রিজ অব হিউম্যানিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

 

জহিরুল ইসলাম বলেন, রাষ্ট্রের সীমিত সম্পদ দিয়ে লক্ষ লক্ষ বন্যার্ত মানুষের সেবা দেওয়া কঠিন। এ দুর্বিষহ দুর্যোগ সম্মিলিত উদ্যোগ ছাড়া কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমি প্রবাসী, বিত্তবান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আমার এলাকান মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

 

 

এ সময় সুলতান আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও পেকুয়ার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সংগঠন সুলতান আহমেদ ফাউন্ডেশন। বন্যা শুরুর পর তিন দিন পেকুয়ার রাজাখালীর বিভিন্ন দুর্গত এলাকায় ৪৬০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে সংগঠনটি। এরপর রবিবার বাঁশখালীর পুঁইছড়ি ও শেখেরখীলে আরও ৩০০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

 

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, ‘প্রয়াত বাবার স্মৃতিকে ধারণ করে তার নামে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছি। এর পর থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। চলমান বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই কার্যক্রমেরই অংশ।’ এ ত্রাণ কার্যক্রমে তুরস্কের কয়েকজন মানবিক ব্যক্তিও সহযোগিতা করছেন।

 

পূর্বকোণ/তাসনিম হাসান/সারোয়ার

শেয়ার করুন