নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক মাদকবিরোধী অভিযানে মাদকসেবনরত অবস্থায় এক স্বেচ্ছাসেবক দলের নেতা আটক করা হয়েছে। পরে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মদ। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে তাৎক্ষণিক বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবদুল্লাহ বিন শফিক এই দণ্ডাদেশ প্রদান করেন। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ওই নেতাকে পুলিশি পাহাড়ায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার মাঝিনা এলাকায় মাদকবিরোধী বিশেষ টহল পরিচালনা করার সময় আলী আহম্মদকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে তাঁর রক্তের ‘ডোপ টেস্ট’ করা হলে ফল পজিটিভ আসে। এরপরই তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ দিনের কারাদণ্ড মঞ্জুর করেন।
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পরপরই কড়া সাংগঠনিক অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে সুনির্দিষ্ট সম্পৃক্ততা পাওয়ায় কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নির্দেশে আলী আহম্মদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে রূপগঞ্জসহ দেশের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সাথে কোনো প্রকার সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার তাগিদ দেওয়া হয়।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















