চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কুমিল্লায় মিলল নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ 

কুমিল্লায় মিলল নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ 

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ

নিখোঁজের ২ দিন পর কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফ রাথারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
 
নিহত আদনান আলতাফ রাথার ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া দাঙ্গালপাড়ার আলতাফ হোসেন রাথারের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। পরে মঙ্গলবার বিকেলে আদনানের মা নিগাদ বেগম বাদী হয়ে বুড়িচং থানায় নিখোঁজ সংক্রান্তে একটি জিডি করেন।
 
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।
 
বুড়িচং থানার মো. লুৎফুর রহমান জানান, আদনান মানসিকভাবে অসুস্থ ছিল। এজন্য পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করানো হয়েছিল। সে গত ৩০ অক্টোবর তার মা নিগাদ বেগমের সঙ্গে বাংলাদেশে আসে। মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করি। পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাবিলা এলাকা জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট