চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রিমান্ডে নিয়ে তুমি আমার চোখ বাঁধলা কেন- প্রশ্ন মেজর (অব.) আখতারুজ্জামানের

রিমান্ডে নিয়ে তুমি আমার চোখ বাঁধলা কেন- প্রশ্ন মেজর (অব.) আখতারুজ্জামানের

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৬ | ১০:৩৭ অপরাহ্ণ

কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভূমিকা ও এখতিয়ার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। রিমান্ডে নিয়ে চোখ বেঁধে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় তিনি ডিবির কড়া সমালোচনা করেন।
 
তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের চরম অব্যবস্থাপনা ও ভোগান্তির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের বিষয়ে কোনো আপত্তি নেই জানিয়ে আখতারুজ্জামান প্রশ্ন তুলে বলেন, “আমার প্রশ্ন হলো, আমাকে রিমান্ডে নিলা কেন? রিমান্ডে নিয়ে তুমি আমার চোখ বাঁধলা কেন? আর চোখ বেঁধে তুমি আমাকে জামায়াতের সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন কেন করলা?”
 
একটি নিবন্ধিত রাজনৈতিক দলের ভেতরের খবর জানার অধিকার পুলিশের আছে কি-না তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “তুমি পুলিশ হয়ে, ডিবি হয়ে একটি রাজনৈতিক দলের ভেতরের খবর জানার ন্যক্কারজনক সাহস কোথায় পাইলা? একটি রাজনৈতিক দলের নেতৃত্ব কীভাবে চলে, কী করে না করে সেই প্রশ্ন করার অধিকার বাংলাদেশের পুলিশকে কে দিয়েছে?” তিনি মন্তব্য করেন, এই ঘটনার মাধ্যমে সরকারের নগ্ন আক্রোশ ও প্রতিহিংসার রূপই বেরিয়ে এসেছে।
 
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
 
সংবাদ ব্রিফিংয়ের শেষাংশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের পক্ষে আখতারুজ্জামানের সেই প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে এবং যাত্রীরা এখন তার সুফল পাচ্ছেন।
 
সরকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, “বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে আপনাদের ব্যর্থতা সমাধানের চেষ্টা করুন। যদি তা করেন, যদি মানুষের দুঃখ-দুর্দশা দূর হয়, মানুষ আপনাদের সমর্থন করবে। আর যদি মনে করেন যে অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন, তাহলে আপনাদের দুঃসংবাদ দিচ্ছি, এটি বাংলাদেশে আর হবে না।” তিনি অভিযোগ করেন, নিজেদের অযোগ্যতা, অদক্ষতা ও ব্যর্থতা ঢাকতেই সরকার এখন বিরোধী দলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট