চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকার কমিশনের বৈঠক বুধবার শুরু

রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকার কমিশনের বৈঠক বুধবার শুরু

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৬ | ৯:২৫ অপরাহ্ণ

বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকার কমিশনের (আইজিসি) পঞ্চম বৈঠক আগামী ৫ ও ৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান এবং কমিশনের রুশ অংশের চেয়ারম্যান ইলিয়া শেস্তাকভ।

প্রতিনিধিদলে রাশিয়ার জ্বালানি, অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশ নেবেন।

এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এর মধ্যে বাণিজ্য, আর্থিক ও ব্যাংকিং খাত, জ্বালানি, শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে।

বৈঠকের পাশাপাশি নবগঠিত রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) মধ্যে ব্যবসায়িক আলোচনা হবে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত আন্তঃসরকার কমিশনটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রধান প্রাতিষ্ঠানিক কাঠামো। কমিশনের এর আগের বৈঠকটি ২০২৩ সালের মার্চে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল।

এবারের বৈঠকটি সরাসরি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাশিয়ার গঠনমূলক সংলাপ প্রতিষ্ঠা এবং দুই দেশের রাষ্ট্রীয় ও ব্যবসায়িক সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট