চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফুসফুস সুরক্ষায় দূষিত বায়ু নিয়ন্ত্রণের তাগিদ

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:০৩ অপরাহ্ণ

বায়ু দূষিত হলে প্রতিনিয়ত সেই দূষিত বায়ু গ্রহণের ফলে ফুসফুসের ব্যাপক ক্ষতি হয়। মানুষ ফুসফুসের নানা রোগে আক্রান্ত হন। তাই শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিতে হবে। ফুসফুসের সুস্বাস্থ্য রক্ষা, শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ ও ক্ষতিকর প্রভাব থেকে ফুসফুসকে মুক্ত রাখার চেষ্টাই হতে পারে নির্মল শ্বাস, সুস্থ জীবন।

 

বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

 

গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল, ‘আজীবন ফুসফুসের সুস্বাস্থ্য’। দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যারিস্টোফার্মা পিএলসির সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় মডারেটর হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. এস এম আবদুল্লাহ আল মামুন।

 

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসাইন ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যবিষয়ক সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. তানিয়া রহমান।

 

বক্তারা বলেন, ফুসফুসের সুস্থতা নিশ্চিত করতে ধূমপান ও তামাকজাত পণ্য বর্জন করতে হবে। পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। প্রচলিত তামাকপণ্যের পাশাপাশি ই-সিগারেট ও ভেপিংও ফুসফুসের জন্য ক্ষতিকর। অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধেও যথাযথ পদক্ষেপ প্রয়োজন। ফুসফুসের কোনো রোগ হলে দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিতে হবে।

 

তারা আরও বলেন, ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় সচেতনতা জরুরি। সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট