দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২১১ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি (২৪৬ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ২৪১ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনা বিভাগে ১৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬, বরিশাল বিভাগে ৪৪, রংপুর বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে ৩৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এরপর রয়েছে খুলনা ও বরিশাল বিভাগ। মৃত্যুর সংখ্যার দিক থেকেও সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর রয়েছে খুলনা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















