চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯৩

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:২৯ অপরাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১৮৪ জনের মৃত্যু হলো। এ সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন ৬১ হাজার ৯৭২ জন।

রবিবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে এবং বাকিরা ২১ থেকে ৪৫ বছর বয়সী।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে মোট মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮৪ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ২ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়। সেই তুলনায় চলতি মাসে অবস্থার গুরুতর অবনতি হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৭ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয় ৮ সেপ্টেম্বর।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৫৩, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ২৩ ও সিটি করপোরেশনের বাইরে ১১ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রামে ১৮ জন, খুলনায় ৩৪, ময়মনসিংহ ও বরিশালে ১৪ করে, রাজশাহীতে আট, রংপুরে ৪ ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।

রোগীর মাসভিত্তিক হিসাব মতে, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ২৬ হাজার ১২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস আগস্টে এই সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬ জন। জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭ ও জুলাইয়ে নয় হাজার ২০৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৬১০ জন।

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট