দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬ জন।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫৬
মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৪৬ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ৭৬ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৫১ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, ময়মনসিংহে ৪৮ জন, খুলনায় ১৯৯ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৪৭ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০ হাজার ২৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুজনের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪৩ জনের মৃত্যু হলো।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৪৬ হাজার ৬৯৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
র্পূবকোণ/মিফতা/পারভেজ

















