চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

দেশের চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত: ইউনাইটেড হেলথকেয়ারে সফল প্রথম রোবোটিক সার্জারি

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২৬ | ১:২৮ অপরাহ্ণ

বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করে প্রথমবারের মতো এআই-নির্ভর রোবোটিক সার্জারি সম্পন্ন করেছে ইউনাইটেড হেলথকেয়ার।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ারে অত্যাধুনিক ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’-এর সাহায্যে সফলভাবে দুটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

প্রথম অস্ত্রোপচারে পিত্তথলির পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী এক পুরুষের সফল ‘রোবোটিক কোলেসিস্টেকটমি’ পরিচালনা করেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। দ্বিতীয় অস্ত্রোপচারে জরায়ুতে অস্বাভাবিক রক্তক্ষরণে ভোগা ৪৫ বছর বয়সী এক নারীর ‘রোবোটিক হিস্টেরেকটমি’ সম্পন্ন করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি। একটি সুসংগঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম অস্ত্রোপচার দুটিতে অংশ নেয়।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, এই রোবোটিক সিস্টেমের হাই-ডেফিনিশন ৩ডি ভিউয়ালাইজেশন এবং ৩৬০-ডিগ্রি ঘূর্ণনক্ষম আর্ম মানুষের হাতের সীমাবদ্ধতা ছাড়িয়ে অত্যন্ত নিখুঁতভাবে অস্ত্রোপচার চালাতে সক্ষম। এতে কাটাছেঁড়া ও রক্তক্ষরণ কম হয়, যা রোগীর দ্রুত নিরাময় নিশ্চিত করে।

অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি জানান, খুব শীঘ্রই কার্ডিয়াক, নিউরো, ইউরোলজি ও থোরাসিক বিভাগেও রোবোটিক সার্জারি বিস্তৃত করা হবে। দেশেই এ ধরণের বৈশ্বিক মানের চিকিৎসা সুবিধা গড়ে ওঠার ফলে রোগীদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার নির্ভরতা কমবে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

পূর্বকোণ/জিলানী/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট