চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পেট পরিষ্কার, কফি এনিমা ও লিভার ডিটক্স- আসলে কতটা বৈজ্ঞানিক?

ডা. আবুল ফয়সাল মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী

২৫ আগস্ট, ২০২৬ | ২:১৭ অপরাহ্ণ

আজকাল আমরা প্রায়ই শুনি পেট পরিষ্কার করতে হবে। গ্যাস হয়েছে, তাই পেট পরিষ্কার করুন। কফি এনিমা করলে সব টক্সিন বের হয়ে যাবে। লিভার ডিটক্স না করলে শরীরে বিষ জমবে।

কিন্তু বিজ্ঞান কী বলে? পেট পরিষ্কার কি প্রতিদিন দরকার?

না। প্রতিদিন মলত্যাগ করতেই হবে—এমন কোনো নিয়ম নেই। মূল বিষয় হলো মলত্যাগ স্বাভাবিক, সহজ ও আরামদায়ক হচ্ছে কি না। কোষ্ঠকাঠিন্য হলে গুরুত্ব দিন—

১. পর্যাপ্ত পানি পান
২. আঁশযুক্ত খাবার
৩. শাকসবজি ও ফলমূল
৪. নিয়মিত হাঁটা ও ব্যায়াম
৫. প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ

গ্যাস হলেই কি পেট পরিষ্কার করতে হবে?

না। গ্যাস, পেট ফাঁপা বা বদহজম মানেই পেটে “ময়লা জমেছে”—এ ধারণা বৈজ্ঞানিক নয়। এর পেছনে থাকতে পারে অম্লতা, খাবারের ধরন, অতিরিক্ত ওজন, কিছু ওষুধ, অ্যাসিড রিফ্লাক্স, এইচ. পাইলোরি বা অন্য কোনো সমস্যা। তাই “পেট পরিষ্কার” না করে সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ। কফি এনিমা কি শরীরকে ডিটক্স করে? কফি এনিমা শরীরের বিষাক্ত পদার্থ বের করে বা লিভার পরিষ্কার করে—এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

 এতে হতে পারে—

১. পানিশূন্যতা
২. লবণ ও খনিজের ভারসাম্য নষ্ট
৩. সংক্রমণ
৪. অন্ত্র বা মলদ্বারে জ্বালা ও আঘাত
৫. পেটব্যথা ও অন্যান্য জটিলতা

মল বের হওয়া মানেই শরীরের সব “বিষ” বের হয়ে যাওয়া নয়।

লিভার ডিটক্স কি সত্যিই দরকার?

সুস্থ লিভারকে আলাদা করে “ডিটক্স” করার জন্য বিশেষ কোনো পানীয়, ভেষজ বা খাদ্য-পরিপূরকের প্রয়োজন রয়েছে—এমন শক্ত প্রমাণ নেই। আমাদের লিভার, কিডনি, ফুসফুস ও পরিপাকতন্ত্র প্রতিনিয়ত শরীরের বর্জ্য ও বিভিন্ন পদার্থের স্বাভাবিক ব্যবস্থাপনা করে।

 

মনে রাখবেন—

১.প্রাকৃতিক মানেই নিরাপদ নয়।
২.কিছু ভেষজ ও খাদ্য-পরিপূরকও লিভারের ক্ষতি করতে পারে।

লিভার ও শরীর সুস্থ রাখার আসল উপায়

১. সুষম খাবার
২. স্বাস্থ্যকর ওজন বজায় রাখা
৩. নিয়মিত ব্যায়াম
৪. অতিরিক্ত চিনি ও অতিপ্রক্রিয়াজাত খাবার কমানো
৫. প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য-পরিপূরক এড়ানো
৬. হেপাটাইটিস সম্পর্কে সচেতন থাকা
৭. ধূমপান পরিহার
৮. ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ

শেষ কথা

আমাদের শরীর কোনো নোংরা ঘর নয় যে মাঝে মাঝে গভীরভাবে পরিষ্কার করতে হবে।

১. অপ্রমাণিত ডিটক্স
২. অপ্রয়োজনীয় এনিমা
৩. “গ্যাস মানেই পেটে ময়লা”—এই ধারণা

এসবের পরিবর্তে বেছে নিন-

১. সুষম খাবার
২. পর্যাপ্ত পানি ও খাদ্যআঁশ
৩. নিয়মিত ব্যায়াম
৪. পর্যাপ্ত ঘুম
৫. স্বাস্থ্যকর ওজন
৬. প্রমাণভিত্তিক চিকিৎসা

দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, মলদ্বার দিয়ে রক্তপাত, তীব্র পেটব্যথা, বারবার বমি, গিলতে সমস্যা বা অকারণে ওজন কমে গেলে নিজে নিজে এনিমা বা ডিটক্স না করে চিকিৎসকের পরামর্শ নিন। ডিটক্স নয়—সুস্থ জীবনযাপনই শরীরের প্রকৃত যত্ন। অপ্রমাণিত প্রচারণা নয়, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসচেতনতা বেছে নিই।

লেখক:মেডিসিন বিশেষজ্ঞ

পূর্বকোণ/নুসরাত জাহান

শেয়ার করুন