দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১২৩২ শিশু।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩৯ শিশুর।
আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৩৮ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৯। এই সময়ে ১ হাজার ৫৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল ছেড়েছে ৯৪৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।
পূর্বকোণ/আদর

















