চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বেইজিং দূতাবাসে প্রথম সচিব হিসেবে যোগ দিলেন এম জাহাঙ্গীর

বেইজিং দূতাবাসে প্রথম সচিব হিসেবে যোগ দিলেন এম জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ | ৯:৪৮ অপরাহ্ণ

গণপ্রজাতন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরদার এম জাহাঙ্গীর হোসেন। তিনি জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। গত ১৪ নভেম্বর তিনি বেইজিং দূতাবাসে যোগদান করেন।

দলীয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তৃণমূল পর্যায় থেকে উঠে এসে জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থরক্ষায় কাজ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তাকে এই পদে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি গত ২২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের বিশেষ কূটনৈতিক প্রশিক্ষণ শেষে গত ৭ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ছাত্ররাজনীতি থেকেই জাহাঙ্গীর হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে দলীয় নির্দেশনায় মনোনয়নপত্র সংগ্রহ ও নির্বাচনী প্রস্তুতি নিলেও পরবর্তীতে দলের বৃহত্তর স্বার্থে ও সিদ্ধান্তে তিনি তা প্রত্যাহার করে নেন।

রাজনীতির পাশাপাশি উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রেখেছেন সরদার এম জাহাঙ্গীর হোসেন। তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লম্যাটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত আছেন। এর আগে চীন সরকার আয়োজিত একটি আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন।

বেইজিং দূতাবাসে নতুন দায়িত্ব গ্রহণের পর সরদার এম জাহাঙ্গীর হোসেন বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন