চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সিআইইউতে চালু হলো এমবিএ ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং ও বিবিএ ইনসাপ্লাইচেইন ম্যানেজমেন্ট

সিআইইউতে চালু হলো এমবিএ ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং ও বিবিএ ইনসাপ্লাইচেইন ম্যানেজমেন্ট

বিজ্ঞপ্তি

৬ আগস্ট, ২০২৬ | ৩:৪৯ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) এমবিএ ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং এবং বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট—এই দুটি নতুন একাডেমিক প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বৈশ্বিক অর্থনীতি, ডিজিটাল রূপান্তর এবং শিল্পখাতের দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সময়োপযোগী ও শিল্প-চাহিদাভিত্তিক এই দুটি প্রোগ্রাম চালু করেছে বিশ্ববিদ্যালয়টি।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সাবেক সদস্য অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পারভীন মাহমুদ, এফসিএ।

 

বিজনেস স্কুলের প্রভাষক উম্মে হুমায়রার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের। ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন ভিটজার এশিয়া প্রাইভেট লিমিটেডের ফিন্যান্স ম্যানেজার নাজমুল ইসলাম (এফসিএমএ) এবং এক্সপোফ্রেইটের হেড অব অপারেশন্স মেজর (অব.) মুনীর উদ্দিন হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নূরুল আবসার। সমাপনী বক্তব্য রাখেন অ্যাকাউন্টিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।

 

বক্তারা বলেন, এমবিএ ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং চট্টগ্রামে প্রথমবারের মতো চালু করেছে সিআইইউ। আধুনিক হিসাববিজ্ঞান, আর্থিকব্যবস্থাপনা, নিরীক্ষা, কর ব্যবস্থা এবং করপোরেট গভর্ন্যান্সে শিক্ষার্থীদের ব্যবহারিক ও পেশাভিত্তিক দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রোগ্রামটি প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের পেশাগত অ্যাকাউন্টিং যোগ্যতা অর্জনের জন্য ও এটি শিক্ষার্থীদের প্রস্তুত করবে।

 

অন্যদিকে, বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামটিউৎপাদন, ক্রয়, গুদামব্যবস্থাপনা, লজিস্টিকস, আমদানি-রপ্তানি, ই-কমার্স এবং বৈশ্বিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষ পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের শিল্পায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের ক্ষেত্রেও এ প্রোগ্রামের গুরুত্ব অপরিসীম বলে বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন