কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বালুসহ একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে বন বিভাগ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলাম ও মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হকের নির্দেশে শাপলাপুর বিট কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি চরা থেকে বালি উত্তোলন ও বিক্রি করে আসছিল। এর ফলে এলাকায় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতি হচ্ছিল। […]