চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পিছাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

পিছাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ৭:১২ অপরাহ্ণ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পিছানো হয়েছে। আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আরও কিছুদিন পিছিয়ে পরীক্ষাটি নেওয়া হবে।
 
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ভর করছে।
 
এ বিষয়ে অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি আরও জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হলে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
 
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার।
 
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া এবং একই মাসের শেষ দিকে ফল প্রকাশের কথা রয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন