চট্টগ্রাম রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

আজ শ্যামাপূজা ও দীপাবলি

আজ শ্যামাপূজা ও দীপাবলি

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৬ | ১১:০২ পূর্বাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও শুভ দীপাবলি আজ রবিবার। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আবির্ভূত হন দেবী শ্যামা বা মা কালী। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে রাতে শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় পালিত হবে দীপাবলি উৎসব।

 

অশুভ শক্তির অন্ধকার দূর করে শুভশক্তির বিজয়ের প্রত্যাশায় মন্দির থেকে শুরু করে ভক্তদের ঘরে ঘরে জ্বলে উঠবে অসংখ্য প্রদীপ। আলোয় আলোকিত হবে চারপাশ। এদিন প্রয়াত স্বজনদের আত্মার শান্তি ও মঙ্গল কামনায় অনেকে প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেন।

 

 

হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা মূলত শক্তির আরাধনা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের প্রতীক দেবী কালী। ভক্তদের কাছে তিনি শ্যামা, আদ্যাশক্তি, তারা, চামুণ্ডা, ভদ্রকালী ও মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

 

 

দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে কিংবা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। এ ছাড়া মন্দির বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তর কিংবা ধাতব প্রতিমাতেও পূজার আয়োজন করা হয়। সাধারণত মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত ব্রাহ্মণ্য মতে আদ্যাশক্তি কালীরূপে দেবীর আরাধনা করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, দেবী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী। এ কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে জাঁকজমকপূর্ণ আয়োজনে শ্মশানকালীপূজাও অনুষ্ঠিত হয়। পূজাকে কেন্দ্র করে রাতে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

 

মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে জেএমসেন হল প্রাঙ্গণে গতকাল সন্ধ্যা ৭টায় শ্যামা মায়ের বরণ অনুষ্ঠিত হয়। আজ বিকেল তিনটায় চণ্ডীপাঠ, চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬.৩০টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সন্ধ্যারতি, সন্ধ্যা ৭.৩০টায় বিশেষ ধর্মীয় নাটক সাধক রাম প্রসাদ ও রাত ১২টায় শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হবে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট