চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ফটিকছড়িতে অবৈধ বালুমহালে অভিযান: জরিমানাসহ বালু জব্দ

ফটিকছড়িতে অবৈধ বালুমহালে অভিযান: জরিমানাসহ বালু জব্দ

ফটিকছড়ি সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২৬ | ১২:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে সর্তা খালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত ২টি বালু ভর্তি চান্দের গাড়ি, ১টি কাঠ বোঝাই গাড়ি এবং প্রায় ৪০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে অপরাধীরা মালামাল ফেলে পালিয়ে যায়। খালের গতি প্রকৃতি ও পরিবেশগত ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জব্দকৃত গাড়ির চালকদের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তারা এ ধরনের কাজে লিপ্ত হবে না মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত মালামাল উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে নেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি প্রদান করে বলেন যে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট