
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৪৪)। তিনি নোয়াখালী জেলার হাতিয়া থানার চর হেয়ার এলাকার মৃত আলাউদ্দিন আহমেদ আলী আহমেদের ছেলে। বর্তমানে পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। তিনি জানান, গতকাল শনিবার বিশেষ অভিযানের সময় আতুরার ডিপো কামারাবাদ মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। চেকপোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির সময় সিএনজি থেকে একজন পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করলে সে নিজেই কোমরে থাকা একটি বিদেশি পিস্তল বের করে দেয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে (Made in U.S.A, 7.65) লেখা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি অস্ত্রটি নিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে চালিতাতলী হতে আতুরার ডিপোর দিকে আসছিল। অস্ত্রটি দিয়ে আসামি নগরীর চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ চালায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর