চট্টগ্রাম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৬ | ৮:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও লোহাগাড়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হচ্ছে।

 

বোয়ালখালী: বোয়ালখালীতে ২৪১টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১০ মে পর্যন্ত চলবে। সোমবার সকালে গোমদণ্ডী তাজেদিয়া জয়তুন নেছা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মো. নাজমুল হাসান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিশুদের আদর করে তাদের হাতে চকলেট তুলে দিয়ে উৎসাহিত করেন। এই ক্যাম্পেইনের আওতায় উপজেলায় মোট ৫২ হাজার ৯০৬ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ দিনব্যাপী এই কর্মসূচি স্কুল ও কমিউনিটি পর্যায়ের স্থায়ী কেন্দ্রগুলোতে একযোগে চলবে।

 

লোহাগাড়া: লোহাগাড়া উপজেলার ৫০১টি কেন্দ্রে ৪৫ হাজার ৪৫ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। সোমবার সকালে নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লোহাগাড়ার ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারি কমিশনার (ভূমি) মং এছেন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় পুলিশ প্রশাসন ও শিক্ষা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা এই কর্মসূচি সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট