চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় চালককে অজ্ঞান করে দিনে দুপুরে টমটম ছিনতাই

দিনদুপুরে চালককে অজ্ঞান করে টমটম ছিনতাই পেকুয়ায়

অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬ | ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় চালককে অজ্ঞান করে তার ব্যাটারিচালিত গাড়িটি নিয়ে গেছে চোর চক্র।

রবিবার (১৯ এপ্রিল) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার চালকের নাম মো. জাকের হোছাইন। সে পেকুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বক্সো চৌকিদার পাড়ার মো. নেছারের ছেলে।

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টায় পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার থেকে অজ্ঞাতনামা চোরেরা যাত্রীবেশে জাকেরের ব্যাটারিচালিত টমটমটি ভাড়া করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর চোরেরা চালককে অজ্ঞান করার পর টমটমটি নিয়ে দ্রুত চম্পট দেয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন জাকেরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এই ঘটনায় চালকের বাবা মো. নেছার বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি চুরি হওয়া টমটমটি উদ্ধার এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মামলার বিষয়টি স্বীকার করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/কায়ছার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট