
মালয়েশিয়া পাচারকালে আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় জড়িত তিন সদস্যকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন— শাহপরীরদ্বীপ কোনাপাড়া এলাকার মো. ইসমাইল (৩০), দক্ষিণ পাড়ার মো. ফারুক (৩৫) এবং সাবরাং মুন্ডারডেইল এলাকার ইব্রাহিম (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এরপর থেকেই পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পাচারকারীদের শনাক্ত করার কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত মধ্যরাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চক্রের মাধ্যমে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভালো জীবনের প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে মালয়েশিয়ায় পাচার করে আসছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ