
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম ফয়সাল আহমেদ (১৫)। সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানাধীন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সকালে সোয়া ১০টার দিকে সীতাকুণ্ডের বারৈয়াঢালার কলাবাড়িয়া এলাকা অতিক্রম করছিল। এসময় ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে অবস্থান করা এক কিশোর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, সকালে ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস সীতাকুণ্ড উপজেলা অতিক্রমকালে বারৈয়ারঢালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে ট্রেনের ছাদ থেকে এক কিশোর পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে আমরা গিয়ে লাশটি উদ্ধার করেছি। নিহতের সুরতাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর