চট্টগ্রাম শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে নারী অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ২, অপহৃত ১ জন উদ্ধার

নারী অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ২, অপহৃত ১ জন উদ্ধার

মিরসরাই সংবাদদাতা

৬ মার্চ, ২০২৬ | ৮:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদাবাজি ও দস্যুতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চলাকালে অপহরণ করে আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলো- বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার মো. আলমগীরের ছেলে সাফায়েত হোসেন শুভ (২৫) ও কাটাছরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বামনসুন্দর এলাকার গোলাম রব্বানীর ছেলে রফিকুল ইসলাম সোহেল (৩৭)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ (মঙ্গলবার) সকালে জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর বিশ্বরোড এলাকা থেকে নাছিমা আক্তার (৪৮) নামের এক নারীকে কৌশলে সিএনজি অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে চোখ ও হাত বেঁধে দস্যুতার শিকার হতে হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রফিকুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয়।

 

অন্যদিকে, একই দিনে পরিচালিত অপর এক অভিযানে সাফায়েত হোসেন শুভকে গ্রেপ্তার করে পুলিশ। শুভর হেফাজত থেকে অপহৃত জাবেদ উদ্দিন রনিকে উদ্ধার করা হয়। রনিকে আটকে রেখে তার পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হচ্ছিল বলে পুলিশ জানায়।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়দের সহায়তায় পুলিশ এই অভিযান চালায়।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট