যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা বৃষ্টির নামে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রেসিডেন্ট ময়েজ লিমায়েন।
শুক্রবার ক্যাম্পাস সংলগ্ন ক্রিসেন্ট হিলে একটি গাছের সামনে শোক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সমাবর্তন অনুষ্ঠানেও বৃষ্টি ও লিমনকে স্মরণ করা হবে। তাদেরকে চিরস্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।
গাছটির একপাশে বৃষ্টির ছবি, অপর পাশে লিমনের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’র নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
পরে গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে।
লিমনের লাশ উদ্ধারের পর ওইদিনই তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়।
এদিকে বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে স্থানীয় একটি জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পরীক্ষার পর শুক্রবার পরিবারকে জানানো হয়, ওই দেহাবশেষ বৃষ্টির।
লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বাংলাদেশ থেকে ফ্লোরিডার একটি সংবাদমাধ্যমকে বলেছেন, লিমন ও বৃষ্টির প্রেমের সম্পর্ক সাড়ে চার বছরের। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
পরিবারের পক্ষ থেকেও দ্বিমত ছিল না। তবে উচ্চ শিক্ষা শেষ করেই তারা বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই ঘটল মর্মান্তিক ঘটনা।
পূর্বকোণ/পিআর





















