
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবুল খায়ের স্টিল মিল কারখানা লিমিটেডে (একেএসএমএল) ডাকাতি ও হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত ৭ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. জামাল (৩৮), রমজান আলী (২৮), মো. রনি (২০), মো. এছহাক (৪৮), আরশাদুর রহমান (২০), মো. আলাউদ্দিন (৪৮) ও মো. খোকন (৩০)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একেএস স্টিল কারখানায় হামলার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত একেএসএমএল কারখানায় হামলা চালায়। এ সময় তারা কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ প্রহরীকে মারধর করে আহত করে। দুর্বৃত্তরা কারখানার প্রধান ফটকের নিরাপত্তা বক্স ও একটি পিকআপ ভাঙচুর করে এবং প্রায় ২০ হাজার টাকা লুট করে নেয়।
পরে নিরাপত্তাকর্মীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরদিন শুক্রবার কারখানার শিফট ইনচার্জ মো. আলাউদ্দিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
পূর্বকোণ/পিআর