চট্টগ্রাম বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকালে চোরাবালিতে শ্রমিকের মৃত্যু

চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকালে চোরাবালিতে শ্রমিকের মৃত্যু

চকরিয়া সংবাদদাতা

১৫ এপ্রিল, ২০২৬ | ৯:৫৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সংরক্ষিত বনের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে খুটাখালী ইউনিয়নের কালাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত শ্রমিকের নাম সামশুল ইসলাম (৫০)। তিনি ওই ইউনিয়নের সেগুন বাগিছা ৬ নং ওয়ার্ডের মৃত অলি আহমদের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, খুটাখালী বন বিটের অধীনে কালাপাড়ার সংরক্ষিত বনাঞ্চল থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় ‘ভুট্টো’র নেতৃত্বে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তারা ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলিত এই বালু ডুলাহাজারা এলাকা দিয়ে পাচার করত। ঘটনার দিন বিকেলে সামশুল ইসলাম ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার কাজ করার সময় হঠাৎ বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া গর্তে বা চোরাবালিতে তলিয়ে যান। পরে অন্য শ্রমিক ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পরিবেশবাদীরা অভিযোগ করেছেন যে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সংরক্ষিত বনের ভেতর ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বনের পরিবেশ মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে। একই সঙ্গে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনাও নিয়মিত ঘটছে। তারা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত প্রভাবশালী চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট