
পটিয়ায় শিকলবাহা খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নারীর নাম হাসিনা আকতার (৩১)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রতন পালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পটিয়া থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সংলগ্ন শিকলবাহা খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসী খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় নিহত নারীর পরনে লাল রঙের থ্রিপিস ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার জানান, দীর্ঘ চেষ্টার পর আমরা মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
পূর্বকোণ/আরআর