
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বর্ণিল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ রেস্ট হাউজ চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” গানের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ঝুলন দত্তের পরিচালনায় অনুষ্ঠানে বৈশাখী গান, বাউল সংগীত ও লোকজ নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে সহায়ক হবে। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও, ‘রূপসী কাপ্তাই’-এর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলায় সব বয়সী মানুষ মেতে ওঠেন। এই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাপ্তাইবাসীর মাঝে বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতির আবহ নতুন করে জেগে উঠেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ