
কক্সবাজারের টেকনাফে নববর্ষের দিনে কৃষি ও কৃষকের কল্যাণে এক নতুন যুগের সূচনা হয়েছে। ‘কৃষক কার্ড থাকিলে হাতে, সেবা পাবে সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন পরবর্তী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফের ১,৬৯৮ জন অসহায় কৃষকের হাতে এই কৃষি কার্ড তুলে দেন।
প্রাথমিকভাবে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন রাজারছড়া ব্লকের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষকদের এই কার্ড প্রদান করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০ ধরনের বিশেষ সুবিধা ভোগ করবেন এবং বছরে ২,৫০০ টাকা করে সহায়তা পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার সকল কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার ও জননিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থান ঘোষণা করেন। তিনি বলেন, টেকনাফে যে সকল পয়েন্ট দিয়ে মানবপাচার হয়, সেখানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শীঘ্রই কঠোর অভিযান শুরু করবে। এছাড়াও তিনি পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার কমাতে এবং দ্রুত খাল খনন কাজ শুরু করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এর আগে তিনি টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
টেকনাফে চলমান মানবপাচার ও অপহরণ সংকট নিরসনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করে টেকনাফবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদসহ জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান।
এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ