
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল সাজে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
আজ ১লা বৈশাখ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
উপজেলা সদরের উন্মুক্ত মঞ্চে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে বিকেলে কোদালা চা বাগানের চা শ্রমিকদের উদ্যোগে এক বিশেষ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই অনুষ্ঠানে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এবং তার স্ত্রী সামানজার খান উপস্থিত ছিলেন। তাদের সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপি উত্তর জেলা, উপজেলা, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হুমাম কাদের চৌধুরী চা শ্রমিকদের নিজের ভাই-বোন হিসেবে সম্বোধন করে বলেন, তাদের যেকোনো বিপদে তিনি পাশে থাকবেন। উৎসবের এই দিনে তিনি স্থানীয় মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন এবং দ্রুত এলাকার সড়ক নির্মাণের আশ্বাস প্রদান করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ