চট্টগ্রাম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

দোহাজারীতে ব্রকলি চাষে সফল কৃষকরা

দোহাজারীতে ব্রকলি চাষে সফল কৃষকরা

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:১২ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের ‘সবজি ভাণ্ডার’ হিসেবে পরিচিত চন্দনাইশের দোহাজারী শঙ্খ নদীর চরে চলতি মৌসুমে ব্রকলি (সবুজ ফুলকপি) চাষে অভাবনীয় সাফল্য এসেছে। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে চড়া দাম পাওয়ায় কৃষকদের মুখে এখন হাসির ঝিলিক।

 

সরেজমিনে দেখা গেছে, শঙ্খ নদীর উভয় তীরে শীতকালীন নানা সবজির পাশাপাশি এবার রঙিন ও পুষ্টিগুণসম্পন্ন ব্রকলির ব্যাপক চাষাবাদ হয়েছে। স্থানীয় কৃষক মোজাম্মেল হক ও আবু বক্কর জানান, তারা এ বছর পরীক্ষামূলকভাবে ব্রকলি চাষ শুরু করেছিলেন। মোজাম্মেল হক বলেন, ‘১ হাজার ৬৫০ টাকা দিয়ে ৫০ গ্রামের এক প্যাকেট জাপানি সাকাতা কোম্পানির বীজ কিনেছিলাম। সাদা ফুলকপির দাম পড়ে যাওয়ায় বিকল্প হিসেবে এটি চাষ করে বেশ লাভবান হয়েছি।’

 

কৃষকদের মতে, সাধারণ সাদা ফুলকপি চাষে প্রায় তিন মাস সময় লাগলেও ব্রকলি মাত্র দুই মাসেই বাজারজাত করা যায়। এছাড়া একবার ফলন তুলে নেওয়ার পর একই গাছ থেকে আবারও ব্রকলি পাওয়া যায়, যা বাড়তি লাভের সুযোগ করে দেয়। বাজারে সাধারণ ফুলকপি যেখানে ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে এক একটি ব্রকলি আকারভেদে ৭৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

চাষিরা জানান, বীজের গুণগত মানের ওপর ব্রকলির আকার ও ওজন নির্ভর করে। দেশি বীজ থেকে ৭০০-৮০০ গ্রাম ওজনের ফলন পাওয়া গেলেও ভারতীয় মাধ্যমে আসা একই কোম্পানির বীজে ব্রকলির ওজন সোয়া কেজি থেকে দুই কেজি পর্যন্ত হয়। পরিকল্পিতভাবে সার ও কীটনাশক ব্যবহার করলে এর ফলন আরও বৃদ্ধি পায়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন বলেন, ‘চন্দনাইশের দোহাজারী ও শঙ্খ তীরবর্তী এলাকায় ব্রকলি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যাপসিকাম, বেগুন বা টমেটোর তুলনায় এতে পোকা-মাকড়ের আক্রমণ ব্যবস্থাপনা সহজ হলে এটি অত্যন্ত লাভজনক। ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, লুটিন, বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ক্যানসার প্রতিরোধ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে।’

 

আগামীতে দোহাজারীসহ চন্দনাইশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে ব্রকলি চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ ও স্থানীয় চাষিরা। সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক বাজারজাতকরণ সুবিধা পেলে এই সবজি চাষ এ অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট