
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার মেসুত ওজিলের গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহরে ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি অটোরিকশা ঢুকে পড়ে। এসময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’
তিনি আরও জানান, আহত অটোরিকশার চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/এএইচ