চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামসহ দেশের ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

অনলাইন ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোয় এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে।

 

সোমবার (৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

অপর এক বার্তায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

 

সোমবার সন্ধ্যা পর্যন্ত  চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

এদিকে ময়মনসিংহ, বগুড়া, নওগাঁ, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা হতে প্রশমিত হতে পারে।

 

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

 

আগামী দু’দিনে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন