চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

কানসাস সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষ আলজেরিয়া

আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হচ্ছে বুধবার

ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়

স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০২৬ | ৮:২৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপ মাঠে গড়িয়েছে প্রায় ছয়দিন হলো, বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের জন্য এখনও ‘শুরু’র অপেক্ষা। তার অবসান হচ্ছে ১৭ জুন বুধবার। কাতার বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরা লিওনেল মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হচ্ছে আর ২৪ ঘন্টারও কম সময় পর। বাংলাদেশ সময় সকাল ৭টায় জে গ্রুপের ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভিতে।

 

ম্যাচটিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশোরি’র কানসাস সিটি স্টেডিয়াম এলাকার বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করেছেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। যাদের উপস্থিতিতে নীল-সাদা রঙে রঙিন হয়ে ওঠছে পুরো পরিবেশ। ম্যাচ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সমর্থকদের উপস্থিতি।

 

বলাই বাহুল্য, ম্যাচটিতে নজর থাকবে লিও মেসির দিকেই। আর মাত্র ৩টি গোল করলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ কোসার সমান। তাছাড়া বুধবার মাঠে নামলেই হয়ে যাবেন ৬টি বিশ্বকাপ খেলা ফুটবলারদের একজন। মেসিভক্তদের জন্য ক্ষণটা অবশ্যই বিশেষ। বিশ্ব ফুটবলের এই তারকা ২০০৭ সালের ৫ জুন বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন আলজেরিয়ার। কোচ আলফিও বাসিলের অধীনে তখন আর্জেন্টিনা কোপা আমেরিকার প্রস্তুতি নিচ্ছিল। রবার্তো আয়ালা, হুয়ান সেবাস্তিয়ান ভেরন এবং হুয়ান রোমান রিকেলমের মতো অভিজ্ঞদের পাশে দাঁড়িয়ে মেসি সেদিন আলজেরিয়ার রক্ষণভাগকে বারবার চাপে ফেলেন এবং নিজের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচে বড় প্রভাব রাখেন। ৪-৩ গোলে জয়ের ম্যাচটিতে ১-২ পিছিয়ে থাকার সময় প্রথমে মেসি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান, এরপর এস্তেবান ক্যাম্বিয়াসো দ্রুত আরেকটি গোল করে আর্জেন্টিনাকে আবার এগিয়ে নেন। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করেন মেসি। প্রায় ১৯ বছর পর আবারও আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি। এবার আর কোনো প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দুই দল আবার মুখোমুখি হচ্ছে।

 

নতুন প্রেক্ষাপটে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। মাঠের লড়াই শুরুর আগেই আর্জেন্টিনার ড্রেসিংরুম ও অনুশীলন মাঠে চলছে কৌশলগত প্রস্তুতির জোরালো কাজ, যার নেতৃত্বে আছেন কোচ লিওনেল স্কালোনি। আলজেরিয়াকে হারানোর পরিকল্পনায় স্কালোনি রক্ষণভাগে একাদশ নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি করে রেখেছেন। দলকে তিনি খেলাতে পারেন ৪-৪-২ কিংবা ৩-৫-২ ফরম্যাশনে। ৪-৪-২ ফরমেশনে থাকতে পারেন গনসালো মন্টিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজ। থাকতে পারেন ফাকুন্দো মেদিনাও। রাইট-ব্যাকে মন্টিয়েলের বদলে নাহুয়েল মলিনার খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেন্ট্রাল ডিফেন্সে রোমেরো, ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে কে খেলবেনÑমাঠেই সেটা জানা যাবে। অবশ্য অনুশীলনের ফরম্যাশন বাদ দিয়ে আর্জেন্টাইন কোচ মাঠে নতুন কোন ছকেই দলকে খেলাতে পারেন বলে বোদ্ধারা ধারনা করছেন।

 

রক্ষণভাগে অনিশ্চয়তা থাকলেও মাঝমাঠ সামলাবেন রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকছেন লাউতারো মার্তিনেজ। চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজকে বেশি চাপ দিতে চান না কোচ স্কালোনি। ফলে লাউতারোর একাদশে থাকা প্রায় নিশ্চিত। প্রতিদ্বন্দ্বিতায় আছেন জিলিয়ানো সিমিওনে ও থিয়াগো আলমাদা। ফিট থাকলে গোলবারের নিচে এমি মার্টিনেজও নিশ্চিত।

 

ওদিকে প্রবল শক্তি বধে পরিকল্পনা সাজাচ্ছে আলজেরিয়াও। এরই মধ্যে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারানোর ‘হুমকি’ দিয়ে রেখেছে তারা। অস্ট্রিয়া ও জর্ডানকে নিয়ে গ্রুপ জে’র হার্ডল পেরেুতে প্রতিটি দলকে সেরা নৈপুন্য প্রদর্শন করতে হবে। আলজেরিয়া তাই কিছু একটা করার জন্য মরিয়া। তবে আর্জেন্টিনা বাধা পেরুতে বিশেষ কিছু’র চাইতে ভালো করতে হবে তাদের। প্রসঙ্গত. আলজেরিয়া এবার তাদের পঞ্চম বিশ্বকাপ আসরে অংশ নিচ্ছে। এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপে খেলেছিল তারা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শেষ ১৬-তে পৌঁছানোই ছিল দলটির ইতিহাসের সেরা সাফল্য। গত ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার পর, এবার তারা আবারও বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করল।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট