চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

কলকাতায় বর্ণাঢ্য আয়োজন ঢাকের তালে দেবীবন্দনা

কলকাতায় বর্ণাঢ্য আয়োজন ঢাকের তালে দেবীবন্দনা

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ৩:০৩ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্ন মহালয়াকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। দেবী দুর্গার আবাহন উপলক্ষে ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি, নাচ-গান, ড্রোন শো ও আতশবাজিতে মুখর হয়ে ওঠে কলকাতার সন্ধ্যা।

 

‘জাগো তুমি জাগো’ শিরোনামের এই আয়োজনে তিন হাজার ঢাকিসহ প্রায় ছয় হাজার লোকশিল্পী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৪৫ হাজার দর্শক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি এবং বিশিষ্ট শিল্পীরাও এতে যোগ দেন।

 

মহালয়া উপলক্ষে নতুন সাজে সাজানো হয় কলকাতার রেড রোড। বিকেলে সেখানে উপস্থিত হয়ে ইডেন গার্ডেন্স পর্যন্ত পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। পরে সন্ধ্যায় তিনি যোগ দেন দেবী দুর্গার আবাহন অনুষ্ঠানে।

 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবার পশ্চিমবঙ্গে নতুন করে ১২ হাজার ৪০০টি পূজা কমিটিকে দুর্গাপূজার অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজ্যে এবার পূজার সংখ্যা ৫৭ হাজার, যা গত বছর ছিল ৪৫ হাজার।

 

এ ছাড়া বিভিন্ন পূজা কমিটিকে এক লাখ রুপি করে অনুদান দেওয়ার কথাও জানান তিনি। তবে বড় বাজেটের ২০০টি পূজা কমিটি রাজ্য সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বক্তব্য, এই অর্থ গ্রামের ছোট ছোট পূজামণ্ডপগুলোর জন্য বরাদ্দ করা হলে তা বেশি কাজে আসবে।

 

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনায় কলকাতাজুড়ে শুরু হয়েছে দুর্গোৎসবের প্রস্তুতি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে স্বাগত জানানোর পাশাপাশি লোকশিল্পীদের পরিবেশনায় ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন