চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ৩:০৬ অপরাহ্ণ

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে।

 

আগামী ১২ অক্টোবর সোমবার হিজরি জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমজানের ক্ষণগণনায় আর মাত্র চারটি চন্দ্র মাস বাকি থাকবে। সেই হিসাবে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

 

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। 

 

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাত সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ১২ অক্টোবর সোমবার জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। তবে ধর্মীয় নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

 

ইব্রাহিম আল জারওয়ান বলেন, ইসলামি হিজরি বর্ষপঞ্জির অন্যতম বৈশিষ্ট্য হলো, চাঁদের স্বাভাবিক আকৃতির পরিবর্তন পর্যবেক্ষণ করেই মাস গণনা করা যায়। এ জন্য বিশেষ যন্ত্রপাতি বা জটিল গাণিতিক হিসাবের ওপর পুরোপুরি নির্ভর করতে হয় না।

 

এদিকে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে কিছুটা ভিন্ন বিশ্লেষণ দিয়েছে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার সূর্যাস্তের পর সাধারণ টেলিস্কোপ কিংবা খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে সূর্যাস্তের পূর্বে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির সাহায্যে চাঁদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন