সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে।
এই কর্মসূচির আওতায় শত শত দুস্থ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আশরাফুল আমিন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহিন পারভেজ ও ডা. মাসুদ পারভেজ এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও ডেপুটি চিফ মুহাম্মদ সেলিম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল ও সাধারণ সম্পাদক মো. করিম, চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ও জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমাদুল হক, বাইতুল কাদের জামে মসজিদের খতিব মাওলানা কাউসার ফয়েজী, লিডারস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. জুবায়েত আরেফিন, সমাজসেবক মো. সেলিম এবং মানবাধিকার কর্মী মাশরুর আনোয়ার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষজ্ঞ চিকিৎসক ও বিনামূল্যে ওষুধ পেয়ে দুস্থ মানুষ উপকৃত হবেন।
চসিকের পক্ষ থেকে এমন মানবিক কাজে সব ধরনের সহযোগিতা থাকবে। ফাউন্ডেশনের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকুক।
চিকিৎসা ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মাসুদ পারভেজ, গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিন আক্তার, দন্ত বিশেষজ্ঞ ডা. পিয়াল বিশ্বাস, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. জয়দেব বিশ্বাস, শিশুরোগ ও চর্ম বিশেষজ্ঞ ডা. শফিকুল আলম, মেডিসিন ও বাতব্যথা বিশেষজ্ঞ ডা. জাবেদ হুসেন রাজু।
কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতা করে করম আলি শাহ ব্লাড ফাউন্ডেশন (মো. সোহেল) এবং ইউনিসিটি ব্লাড ব্যাংক (মো. জহির)। পুরো আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন তানভীর হায়দার, খলিদুর রহমান, ইয়ামিন, মাহাদীসহ তরুণ স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য, প্রয়াত হাজী মোহাম্মদ ইউসুফের পরিবারের প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা ‘হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠালগ্ন থেকেই এতিম ও বৃদ্ধাশ্রমের প্রবীণদের সহায়তা, প্রতি মাসে ২-৩টি বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।
পূর্বকোণ/এএইচ


















