চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে '৪র্থ বিজিসিটিইউবিডিসি নোভিস কাপ ২০২৬' অনুষ্ঠিত

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ‘৪র্থ বিজিসিটিইউবিডিসি নোভিস কাপ ২০২৬’ অনুষ্ঠিত

প্রেস রিলিজ 

১১ নভেম্বর, ২০২৬ | ৭:২০ অপরাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘৪র্থ বিজিসিটিইউবিডিসি নোভিস কাপ ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

“উপসর্গে নতুন সুর, যুক্তিতে যাবো বহুদূর” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২টি দলের মোট ৩৬ জন নবীন বিতার্কিকের অংশগ্রহণে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড শুরু হয়। প্রিলিমিনারি রাউন্ডে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ বিতার্কিকরা বিচারকার্য পরিচালনা করেন। প্রাথমিক রাউন্ড শেষে সর্বোচ্চ স্পিকার পয়েন্ট অর্জনকারী সেরা ছয় বিতার্কিককে চন্দনাইশের দুই কৃতি সন্তানের নামে ‘টিম আহমদ ছফা’ এবং ‘টিম প্রিন্সিপাল আবুল কাশেম’ নামে দুটি দলে ভাগ করে চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করানো হয়।

অনুষ্ঠানে ক্লাবের প্রধান উপদেষ্টা ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসির সিলমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ সিরাজ উদদৌলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নওরীন আফরিন চৌধুরী, আইন বিভাগের জুনিয়র প্রভাষক প্রাঞ্জল দত্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাবিহা জাহান।

ক্লাবের সহকারী বিতর্ক সম্পাদক নুসরাত জাহান মিম এবং সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি সানজিদুল ইসলাম সায়মুন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া নবীন বিতার্কিকদের উদ্দেশে বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি, যুক্তিবাদী চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে তরুণ বিতার্কিকদের সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘টিম আহমদ ছফা’ (সদস্য: ঐশী দত্ত, মো. হাসিবুল রহমান, মো. আরমানুল হক শিহাব; মেন্টর: সাহাবা জান্নাত) চ্যাম্পিয়ন এবং ‘টিম প্রিন্সিপাল আবুল কাশেম’ (সদস্য: রেদিকা খাতুন, ফারজানা আক্তার কারিনা, মোহাম্মদ আব্দুল হাকিম আরিফ; মেন্টর: আকলিমা কায়সার চৌধুরী) রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ফাইনাল পর্বের সেরা বিতার্কিক এবং পুরো টুর্নামেন্টের সেরা বিতার্কিক, উভয় সম্মাননাই অর্জন করেন ঐশী দত্ত।

এছাড়া প্রতিযোগিতায় সেরা স্বতন্ত্র বিচারক ব্রেক করার গৌরব অর্জন করেন খাদিজাতুল সেলিম ঈশান, দ্বিতীয় স্থান অধিকার করেন অনিশা শিকদার এবং তৃতীয় স্থান অধিকার করেন নাঈম তুষার। পাশাপাশি ফাউন্ডেশন ওয়ার্কশপ কুইজ কনটেস্ট এবং আইটি অ্যান্ড অর্গানাইজিং ওয়ার্কশপের বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

ফাইনাল বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা নওরীন আফরিন চৌধুরী এবং বিচারকার্য পরিচালনা করেন ক্লাবের সভাপতি সানজিদুল ইসলাম সায়মুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম তুষার, বিতর্ক সম্পাদক খাদিজাতুল সেলিম ঈশান ও বিতার্কিক অনিশা শিকদার। টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম তুষার এবং সহ-আহ্বায়কের দায়িত্ব পালন করেন সহকারী বিতর্ক সম্পাদক নুসরাত জাহান মিম। অতিথিবৃন্দের হাত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে বর্ণাঢ্য এই আয়োজনের।

শেয়ার করুন