মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর পুণ্যবতী স্ত্রী ছিলেন ১১ জন। এদের মধ্য থেকে মাত্র দু’জন স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ ও মারিয়া কিবতি (রা.) এর ঘরে আল্লাহর রাসুল (সা.) এর তিন পুত্র ও চার কন্যা সন্তানের জন্ম হয়। পুত্র ইবরাহিম জন্মগ্রহণ করেন মারিয়া (রা.) এর গর্ভে, আর বাকি ছয় সন্তান পৃথিবীতে আসেন খাদিজা (রা.) এর কোল জুড়ে। নবীজির প্রথম সন্তান কাসিম। তারপর পর্যায়ক্রমে যয়নব, রুকাইয়াহ, উম্মে কুলসুম, ফাতেমা। এরপর জন্ম নিয়েছেন আবদুল্লাহ । এরপর অষ্টম হিজরির যিলহজ মাসে ইবরাহিম (রা.) মদিনায় জন্ম গ্রহণ করেন।
মুহাম্মদ (সা.) এর সবশেষ ছেলে ইবরাহিম (রা.) যখন দশম হিজরিতে ইন্তেকাল করেন। তখন কাফিররা বলতে লাগলেন, “মুহাম্মদ-কে নিয়ে তাদের আর কোন টেনশন নেই। কারণ এর আগে তার আরো দুটি ছেলে মারা গেছেন। তৃতীয় ছেলেও মারা গেল। তার আর কোন ছেলে নেই। যারা আছে সব মেয়েরাই আছে। তাই মুহাম্মদ (সা.)-এর মৃত্যুর পর আর তার বংশের হাল ধরার মতো কেউ নেই। উত্তরাধিকারও পাওয়া যাবে না। তখন তার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে”।
এই সময় আল্লাহপাক মুহাম্মদ (সা.) কে শান্তি দেয়ার জন্য পবিত্র আল কোরআনের সবচেয়ে ছোট সূরা আল কাওসার অবতীর্ণ করেন। এটি পবিত্র কুরআনের ১০৮ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৩। সূরা আল কাওসার মক্কায় অবতীর্ণ হয়, তাই সূরাটি মাক্কী সূরার শ্রেণিভুক্ত। সূরাটির অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ। এ সূরাকে সূরা নাহারও বলা হয়। সূরাটি মুসলিম উম্মাহর জন্যে খুবই তাৎপর্যপূর্ণ কারণ, সূরাটিতে জান্নাতের হাউযে কাউসার এর কথা বলা হয়েছে, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে দান করা হয়েছে।
“নিশ্চয়ই আমি আপনাকে কাওসার দান করেছি। অতএব আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু, সেইতো লেজকাটা, নির্বংশ”।
পবিত্র কুরআনে আল্লাহপাক বলেছেন, আপনার ঔরসজাত সন্তান যদিও না থাকবে আধ্যাত্নিক, রূহানী ঈমানদার সন্তান থাকবে কোটি কোটি। তাদের আপ্যায়ন করার জন্য জান্নাত থেকে প্রবাহিত হাউযে কাউসার আপনাকে দান করলাম। অগ্রিম ঘোষণা দিলেন আল্লাহপাক । কেয়ামতের ময়দানে আপনি হাউযে কাওসার পাবেন। এবং প্রত্যেক নবী-রাসূলগণের জন্য এক একটি হাউজ থাকবে। ঝর্নার পানি আসবে সরাসরি জান্নাত থেকে। যার নামে যে হাউজ থাকবে সেখানে পানি জমা হবে। সেখান থেকে নবী-রাসূলগণ নিজের উম্মতকে পানি পান করাবেন। আমাদের নবীও তাঁর উম্মত এবং আধ্যাত্নিক রূহানী সন্তানদের এই হাউজ থেকে পানি পান করাবেন। কেন পানি পান করাবেন? যেন এই পানি পান করলে কেয়ামতের ময়দানে হাশরের আযাবের সময় কেউ পিপাসার্ত হয়ে না পড়ে। না হয় পিপাসার কারণে, গরমে নিজের ঘামে নিজের সাঁতার কাটার পরিস্থিতি তৈরি হবে।
তাই আল্লাহপাক নবীকে প্রশান্তি দেয়ার জন্য বলেছেন, যদিও আপনার ছেলে মারা গেছে, মেয়েরাতো আছে । তাদের থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল দুনিয়াতে থাকবেন। অথবা ফাতেমা (রা) এর সূত্রে কেয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল দুনিয়াতে বিদ্যমান থাকবেন। ঠিক আপনার হাতে বায়েত গ্রহণকারী সাহাবী কেরামের উত্তরসূরী ঈমানদার হবে কোটি কোটি। তাই হাদীসের মধ্যে রয়েছে- হাউযে গ্লাসের সংখ্যা হবে আকাশের তারার সমান। সুবহানাল্লাহ। কোটি কোটি গ্লাস দিয়ে মুহাম্মদ (সা.) মোমিন উম্মতদের হাউযে কাউসার এর পানি পান করাবেন। এই পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়েও সাদা। এটা আপনার জন্য অনেক বড় নেয়ামত। অতএব আপনি আল্লাহর শোকর আদায় করুন।
আল্লাহপাক নবীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার ছেলের মৃত্যুর কারণে যারা আপনার সমালোচনা করেছে, তাদের বংশের কোন পরিচয় থাকবে না। তাই দেখেন বর্তমানে আবু জাহেল ও আবু লাহাবের বংশের কোন হদিস নেই। সব আল্লাহপাক বিলুপ্ত করে দিয়েছেন। তাদের নাম পর্যন্ত নিতে মানুষ ঘৃণা করে। তারা নবীকে হত্যার পরিকল্পনা করেছে, নির্যাতন করেছে নানাভাবে। সাহাবীদেরও ওহুদের প্রান্তরে শহীদ করেছে। আল্লাহপাক নবীকে নামাজ পড়া এবং কোরবানি করার জন্য বলেছেন।
তাই মুহাম্মদ (সা.)মদীনাতে যাওয়ার পর ১০ বছর কোরবানি করেন। তিনি নিজের নামে এবং উম্মতের জন্য কোরবানি করতেন। এক সময় তিনি দুটি দুম্বা জবাই করলেন। বললেন, একটি আমার জন্য, অন্যটি আমার উম্মতের জন্য। যেহেতু এটি নফল কোরবানি। নফল কোরবানির দাতা এক গ্রহীতা অনেকে হতে পারেন। আপনি নিজে কোরাবনি দেয়ার পর অন্যদের জন্যও কোরবানি দিতে পারবেন। তবে তা হবে নফল। শুধু মৃত পিতার জন্য ১ভাগ, মাতার জন্য এক ভাগ, ভাই-বোনের জন্য এভাবে দিতে হবে না। সবার জন্য নিয়ত করে ১ভাগ কোরবানি দিতে পারবেন।১টি ছাগল কিংবা গরু-মহিষে এক ভাগ দিয়ে। যেমনি মুহাম্মদ (সা.)কেয়ামত পর্যন্ত যত মুমিন থাকবে তাদের নিয়ত করে ১টি ছাগল কেরবানি করেছেন। সেই কারণে আপনি এমন কোরবানি করতে পারেন।
কোরবানির জন্তু ৬টি। এরমধ্যে গরু, মহিষ ও উটকে ৭ ভাগে করা যায়। আরো কম সংখ্যক ভাগ করলেও হবে। ভাগে করলে শর্ত হলো সবাইকে টাকা সমান দিতে হবে। কারো নামে নফল কোরবানি দিলেও একজন দাতা হতে হবে। মুহাম্মদ (সা.)এর নামেও দেয়া যায়। সবাই মিলে একজনকে প্রতিনিধি বানাতে হবে।তখন সেই প্রতিনিধি মুহাম্মদ (সা.)এর নামে নিয়ত করবেন। টাকা সবাই দিলেও একজনকে দাতা হতে হবে। সবাই দাতা হতে পারবেন না। কোরবানি জীবিতের জন্য যেমনি করা যায়, ঠিক তেমনি মৃতের জন্যও করা যায়। নফল কোরবানিতে অনুমতির প্রয়োজন হয় না, ওয়াজিব কোরবানির জন্য অনুমতির প্রয়োজন হয়।
সাতজন মিলে কোরবানির উদ্যেগ নিলেন হঠাৎ একজন মারা গেলেন। তখন এই বিষয়ে সমাধান ছাড়া আপনার কোরবানি সহীহ হবে না। তার উত্তরাধিকার যদি বালেক হয়, তিনি মৃতের নামে কোরবানি দেওয়ার অনুমতি দিলে তাহলে করা যাবে। কিন্তু নাবালক হলে তাদের অনুমতি গ্রহণযোগ্য হবে না। অন্য শরীকরা তার ভাগের টাকা ফেরত দেবেন। পেটে বাচ্চা থাকতে পারে এই সন্দেহে গাভী কোরবানি করা মাকরূহ। জবাইয়ের পর বাচ্চা জীবিত পেলে জবাই করে খাওয়া জায়েজ। মৃত থাকলে খাওয়া জায়েজ হবে না। কেরাবানির আগে বাচ্চা প্রসব করলে তা সদকা করে দিতে হবে। গরীবের জন্য কোরবানি ওয়াজিব নয়। গরীব কেউ কোরবানির জন্য একটি ছাগল কিনলে তা নিয়তের কারণে নফলটা তখন ওয়াজিব হয়ে যাবে।
গরীব মানুষের কোরবানির জন্য কেনা ছাগল হারিয়ে গেলে তাকে কোরবানি আর দিতে হবে না। কিন্তু ধনীদের কোরবানির পশু হারিয়ে গেলেও তাকে আরেকটি কিনে কোরবানি দিতে হবে। কারণ ধনী পরিবর্তন করার সামর্থ্য রাখে, গরীব পারে না। কোরবানির পশুর বয়স যাছাই করার জন্য বিক্রেতার উপর আস্থা রাখত হবে।বিক্রেতার বলা বয়স নিয়ে সন্দেহ হলে আপনার কোরবানি সহীহ হবে না। বিক্রেতা বলেছে আপনারও তার উপর আস্থা আছে তাহলে কোরবানি সহীহ হবে।
কোরবানির পশু মোটা ও তাজা হওয়া উত্তম। কারণ এই কোরবানির পশু আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহর কাছে পৌঁছবে আপনার অন্তরের নিয়ত। আপনি আল্লাহর নিকট কি উৎসর্গ করছেন। আল্লাহপাক পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর কাছে কোন রক্ত যাবে না, গোশত যাবে না, আল্লাহর কাছে আপনার অন্তরের তাকওয়া যাবে। আপনার অন্তরের কি অবস্থা? আপনি মানুষকে দেখানোর জন্য কোরবানি করেছেন। কোরাবনি না করলে মানুষ কৃপণ বলবে। সবাই গোশত খাবে আমার পরিবার গোশত খেতে পারবে না। এই সব নিয়তে কোরবানি করলে সওয়াব পাবেন না। তাই কেউ সহীহ নিয়তে কোরবানি করলে আল্লাহপাক তখন ওই পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে কবুল করবেন। কবুল হওয়ার পর পশুর প্রত্যেকটি পশমে পশমে সওয়াব দেবেন আল্লাহপাক। ফুলসেরাত পার হওয়া সহজ হয়ে যাবে।
মুহাম্মদ (সা.) বিদায় হজের সময় মিনায় ১০০টি উট কোরাবনি দেন। ৬৩টি উট নিজের হাতে জবাই করেন। বাকী উট জবাইয়ের দায়িত্ব দেন আলী (রা)কে। অত:পর মুহাম্মদ (সা.)প্রত্যেকটি কোরবানির অংশ থেকে কয়েক টুকরো নিয়ে তার জন্য রান্না করতে বলেন। কোরবানির গোশত দিয়ে প্রথম আহার সারেন। ১০ বছর কোরবানি করেন তিনি। যেমনি ইব্রাহিম (আ) স্বপ্ন দেখার পর প্রথম দু’দিন ২০০টি উট কোরবানি দিয়েছিলেন। ঠিক তেমনি তা অনুসরণ করে ১০ম হিজরীতে মুহাম্মদ (সা.)১০০টি উট কোরাবনি করেন। সুবহানাল্লাহ। কোরাবনির পশু সুন্দর, ত্রুটিমুক্ত হওয়া উচিত।
গোশতের ব্যাপরে বিধান হলো। একটা সময় ছিল সাহাবাদের মাঝে খাবার সংকট ছিল। তখন মুহাম্মদ (সা.) নির্দেশ দিয়েছিলেন ৩ দিনের বেশি কোরবানির গোশত জমা রাখবে না, যা পার খাও, বাকীগুলো গরীবদের মাঝে সদকা কর। মুসলমানদের অভাব চলে গেলে তখন সারা বছর জমা রাখলেও অসুবিধা নেই। তবে কোরবানির গোশতকে ৩ ভাগে ভাগ কার সুন্নত। ১ভাগ নিজ পরিবার, ১ভাগ আত্নীয়-স্ব্জন এবং ১ভাগ গরীবদের জন্য। গোশত বিক্রি করা জায়েজ নেই। কসাইকে বেতন দিবেন, গোশত দিয়ে মজুরী হবে না। তবে গোশত হাদিয়া দিতে পারবেন। প্রত্যেক শরীকের নিয়ত পরিষ্কার হতে হবে। কেউ গোশতের উদ্দেশ্যে কোরবানি দিলে বাকি শরীকদের উদ্দেশ্যও নষ্ট হবে। অমুসলিম প্রতিবেশীকেও গোশত দেয়া যাবে, আপ্যায়নও করা যাবে।
কোরবানির আরেকটি গুরুত্বপূর্ণ আমল কাল শনিবার ফজরের নামাজ থেকে ৫দিন ১৩ জিলহজের আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে তাকবির তাশরিক পড়া। “আল্লাহু আকবর, আল্লাহু আকবর”। “লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর”। “আল্লাহু আকবর ওয়ালিল্লাহি হামদ”। কেয়ামত পর্যন্ত এটি আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহপাক আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দান করুন।
লেখক: ব্যুরো চিফ, বাংলাভিশন, চট্টগ্রাম
পূর্বকোণ/এএইচ



















