চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশে আসছেন মুফতি তাকি উসমানি

বাংলাদেশে আসছেন বিশ্ববরেণ্য আলেম মুফতি তাকি উসমানি

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৬ | ১২:৩৮ অপরাহ্ণ

এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি আইনজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি অর্থনীতিবিদ মুফতি মুহাম্মদ তাকী উসমানি। আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানের সাবেক এই বিচারপতির।
 
সফরকালে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও সেমিনারে অংশ নেবেন। সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।
 
রবিবার (১ নভেম্বর) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ‘১৫তম সালানা দস্তারবন্দী মহাসম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মুফতি তাকী উসমানি।
 
এছাড়া ঢাকা সফরকালে দেশের আলেমদের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সম্মেলন ও সেমিনারে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
 
এ সফরে মুফতি তাকী উসমানির সঙ্গে থাকবেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব এবং দেশটির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম মাওলানা হানিফ জালন্ধরী।
 
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকী উসমানি সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম, ফকিহ ও ইসলামি অর্থনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
এর আগে তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামি আইনশাস্ত্র, অর্থনীতি, হাদিস ও সমকালীন বিভিন্ন বিষয়ে তার গবেষণা, লেখালেখি ও অবদান আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত।
 
তার এই বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট