চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় পরিবর্তন

নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশনে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১:১৫ অপরাহ্ণ

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বর্তমান নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পাঁচটি ধাপে পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি এবং তুলনামূলক বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার কম রাখা হয়েছে। মন্ত্রিসভা অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন হলে ১০০ শতাংশ বাড়বে।

 

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হলে ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন হলে ৫৫ শতাংশ বাড়বে।

 

সরকার বলছে, দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম নিট পেনশন পাওয়া ব্যক্তিরা এ সিদ্ধান্তে বেশি সুবিধা পাবেন। এর ফলে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়বে।

 

হিসাব অনুযায়ী, কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীর বর্তমান মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা হলে ১০০ শতাংশ বৃদ্ধির পর তা দাঁড়াবে ১৮ হাজার টাকা। কারও পেনশন ২০ হাজার টাকা হলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে তা হবে ৩৫ হাজার টাকা। ৩০ হাজার টাকা পেনশন হলে ৬৫ শতাংশ বৃদ্ধির পর দাঁড়াবে ৪৯ হাজার ৫০০ টাকা। আর ৪০ হাজার টাকা পেনশন হলে ৬০ শতাংশ বৃদ্ধির পর তা হবে ৬৪ হাজার টাকা।

 

এর চেয়ে বেশি অর্থাৎ ৪০ হাজার ১ টাকা বা তদূর্ধ্ব নিট পেনশনধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ৫৫ শতাংশ বৃদ্ধির হার।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট