বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম।
দুর্ঘটনায় নিহত চারজনই পিকআপের আরোহী। এদের মধ্যে চালক-হেলপার এবং দুই মাছ ব্যবসায়ী রয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।
ওসি শফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। পথে কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক, হেলপার ও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়।
ওসি বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের মরদহ উদ্ধার করে।
নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে এবং নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ















