চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চিয়া সিড কেন খাবেন, কখন খাবেন

চিয়াসিড কেন খাবেন, কখন খাবেন

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৬ | ২:৫৬ অপরাহ্ণ

আধুনিক স্বাস্থ্যসচেতন মানুষের কাছে ‘সুপারফুড’ হিসেবে পরিচিত একটি নাম হলো চিয়াসিড বা চিয়া বীজ। এই ক্ষুদ্র দানায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। সকালের শুরুতে এক গ্লাস পানিতে ভেজানো চিয়াসিড—স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই অভ্যাস।  তবে চিয়াসিড খাওয়ার সেরা সময় কখন?
 
 
পুষ্টিবিদদের মতে, চিয়াসিড খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালে, বিশেষ করে ওয়ার্কআউট বা ব্যায়াম করার ৩০ থেকে ৪৫ মিনিট আগে। এক টেবিল চামচ চিয়া বীজ এক গ্লাস পানিতে অন্তত ২০ মিনিট ভিজিয়ে রাখলে এটি এক ধরনের জেলের মতো তৈরি করে। এই মিশ্রণটি ওয়ার্কআউটের আগে পান করলে তা শরীরকে দীর্ঘসময় ধরে শক্তি জোগায়, পেশির ক্লান্তি দূর করে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
 
 
চিয়াসিডের উপকারিতা
 
১. পুষ্টির জোগান: চিয়াসিডে রয়েছে ফাইবার, প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন ও জিঙ্কের মতো খনিজ উপাদান।
 
 
২. হৃদযন্ত্রের সুস্থতা: সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে চিয়াসিডের ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী।
 
৩. ওজন নিয়ন্ত্রণ: খাদ্যআঁশ ও প্রোটিন ক্ষুধা কমাতে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে।
 
৪. হজমে সহায়তা: চিয়াসিডের খাদ্যআঁশ কোষ্ঠকাঠিন্য কমাতে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক।
 
৫. রক্তে শর্করা নিয়ন্ত্রণ: ফাইবার খাবার থেকে গ্লুকোজ শোষণের গতি ধীর করতে পারে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিয়াসিডের নির্দিষ্ট কার্যকারিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
 
 
৬. অ্যান্টিঅক্সিডেন্টের উৎস: চিয়াসিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসজনিত ক্ষতি থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
 
চিয়াসিড দই, স্মুদি, ওটস, ফল বা পুডিংয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। স্যুপ, সালাদ ও প্যানকেকেও যোগ করা যায়।
 
চিয়াসিড খাওয়ার ব্যাপারে কিছু সাবধানতাও মেনে চলতে হবে। অতিরিক্ত পরিমাণ চিয়াসিড খেলে হজমের সমস্যা হতে পারে। চিয়া বীজ তাদের ওজনের ১২ গুণ পানি শোষণ করতে পারে। ফলে এগুলো পেটে প্রসারিত হয়। এটি বেশি খাওয়া হলে পেট ফাঁপা অথবা পেটে ব্যথার মতো সমস্যাও হতে পারে।
 
পূর্বকোণ/মিফতা
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট