গরমের দিনে ঠান্ডা লেবুর শরবত যেন এক গ্লাস প্রশান্তি। কিন্তু শরবতে চুমুক দিতে গিয়ে হঠাৎ একটি লেবুর বীজ পেটে চলে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান।বাড়ির মুরুব্বিরা অনেক সময় বলেন লেবুর দানা গিলে ফেললে পেটের সমস্যা হয়। আসলে কি তাই? এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। ।দানাটা ভেতরে যাওয়ার পর ঠিক কী হয় তা নিয়ে অনেকেরই সঠিক ধারণা নেই।
অনেকেই ভাবেন এই ছোট দানাগুলো পাকস্থলীতে গিয়ে আটকে মারাত্মক কোনও রোগের সৃষ্টি করতে পারে। বিশেষ করে অ্যাপেন্ডিসাইটিসের মতো বিপদের ভয় দেখিয়ে অনেককেই রীতিমতো আতঙ্কিত করা হয়। কিন্তু বিজ্ঞান বলছে শরীরের ভেতরের ইঞ্জিনটা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং জটিল। আমাদের পাকস্থলীতে এমন কিছু শক্তিশালী অ্যাসিড রয়েছে, যা খাবার হজম করার ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। যখনই বাইরের কোনও শক্ত জিনিস সেখানে পৌঁছায়, এই অ্যাসিডগুলো নিজেদের কাজ শুরু করে দেয়।
তাছাড়া, ছোট কোনো বীজ গিলে ফেললেই সেটি পাকস্থলীতে বছরের পর বছর আটকে থাকে-এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। শরীরের পরিপাকতন্ত্রের স্বাভাবিক চলাচলের মাধ্যমে খাবারের অবশিষ্ট অংশ ধীরে ধীরে অন্ত্রে যায় এবং পরে মলের সঙ্গে বের হয়ে যায়।
তবে একসঙ্গে অনেকটা পরিমাণ দানা গিলে ফেললে পেটে হালকা ব্যথা বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে। সর্বোপরি দু-একটা লেবুর দানা ভুল করে গিলে ফেললে শরীরের কোনও ক্ষতিই হয় না। তবে খাওয়ার আগে দানা ফেলে দেওয়াই ভালো।
পূর্বকোণ/মিফতা

















