চট্টগ্রাম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

দাম্পত্যে উষ্ণতা ফেরাতে আজই হোক স্ত্রীর প্রশংসা

স্ত্রী প্রশংসা দিবস

দাম্পত্যে উষ্ণতা ফেরাতে আজই হোক স্ত্রীর প্রশংসা

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৩৮ অপরাহ্ণ

সংসারের টানাপোড়েন আর অন্তহীন ব্যস্ততায় জীবনসঙ্গীকে ভালোবাসার কথা বলা কি ক্রমশ কমে আসছে? শেষ কবে স্ত্রীকে মন খুলে প্রশংসা করেছেন, তা কি মনে আছে? যদি উত্তর ‘না’ হয়, তবে আজই হতে পারে দূরত্ব ঘুচিয়ে নতুন করে কাছে যাওয়ার সেরা সুযোগ। আজ ‘স্ত্রী প্রশংসা দিবস’ (Wife Appreciation Day) জীবনের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থাকা সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা ও অবদানের স্বীকৃতি জানানোর দিন।

প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় এই দিবসটি। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, এবছর ২০ সেপ্টেম্বর উদযাপিত হচ্ছে দিনটি। যদিও দিবসটির সঠিক সূচনার ইতিহাস বা প্রতিষ্ঠাতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না, তবুও ২০০৬ সালের দিকে এর প্রথম নথিভুক্ত উল্লেখ পাওয়া যায়। ইতিহাস বা উৎপত্তির চেয়েও বড় কথা হলো, এই বিশেষ দিনটি ব্যস্ত দাম্পত্যে একটু উষ্ণতা ছড়ানোর দারুণ এক উপলক্ষ।

সংসারের চাকা সচল রাখতে একজন স্ত্রী প্রতিদিন কত যে অদৃশ্য দায়িত্ব পালন করেন, তার হিসাব রাখা কঠিন। সকালের নাস্তা তৈরি থেকে শুরু করে রাতের গুছিয়ে রাখা সংসার সবকিছুই তারা করেন নীরবে। আজকের দিনে তার সেই ছোট-বড় কাজের জন্য ছোট্ট একটি ‘ধন্যবাদ’ বা কৃতজ্ঞতা প্রকাশ তার মুখে হাসি ফোটাতে পারে।

শুধু দামি উপহার নয়, মন থেকে বলা কয়েকটি সুন্দর ও আন্তরিক কথাও আপনাদের সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। আজ তার কাজের বোঝা একটু কমিয়ে নিজের হাতে কিছু দায়িত্ব তুলে নিতে পারেন। কিংবা দুজনে মিলে কিছুটা নিরিবিলি সময় কাটিয়ে দিনটিকে বিশেষ করে তুলতে পারেন।

দিনটিকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে, প্রতিদিনের অভ্যস্ত ভালোবাসাকে নতুন করে উদ্‌যাপনের মাধ্যম হিসেবে বেছে নিন আজই।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট