শরীর ভালো রাখতে যেমন নিয়মিত যত্ন নিতে হয়, সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। যত্ন না নিলে সম্পর্কও একসময় মলিন হয়ে যায়। আজকালকার দিনে একটা সম্পর্ককে দীর্ঘদিন টিকিয়ে রাখা কঠিন মনে হতে পারে, কিন্তু একটু চেষ্টা করলেই তা সম্ভব। প্রেম বা বিয়ে যে বন্ধনই হোক না কেন, সামান্য যত্নে তা হয়ে উঠতে পারে সারাজীবনের আনন্দ ও শান্তির ঠিকানা।
সম্পর্ক কখনো একদিনে ভেঙে যায় না, আবার একদিনে গড়েও ওঠে না। যেকোনো সম্পর্ক বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে টিকে উঠে। প্রতিদিনের ছোট ছোট আচরণ, কথাবার্তা, সম্মান, আস্থা আর মনোযোগ, এসবের ওপরই দাঁড়িয়ে থাকে একটি সুস্থ সম্পর্ক। অনেক সময় বড় কোনো ভুল নয়; বরং ছোট ছোট অবহেলাই সম্পর্কের রং ফিকে করে দেয়। তাই সম্পর্ক সুন্দর, নিরাপদ ও দীর্ঘস্থায়ী রাখতে যে সব বিষয় মনে রাখা জরুরি।
মানুষের জীবনে ভুলত্রুটি হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার। সম্পর্কের ক্ষেত্রেও অনেক সময় আপনার সঙ্গী হুট করে রাগ, ক্ষোভ বা বিরক্তি প্রকাশ করতে পারেন, কিংবা এমন কোনো ভুল করে বসতে পারেন যা আপনার বিশ্বাসে বড়সড় আঘাত হানে। এমন পরিস্থিতিতেও মনের ভেতর ক্ষোভ পুষে না রেখে তাকে ক্ষমা করার চেষ্টা করুন।
সম্পর্কের প্রতিটি ক্ষেত্রেই সততা খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কের মধ্যে যদি মিথ্যা বা অসততা ও কোনো তথ্য গোপন করার বৈশিষ্ট্য থাকে কোনো একজনের, তাহলে সেখানে সন্দেহের সৃষ্টি হয়। সম্পর্কে সবসময় স্বচ্ছতা নিশ্চিত করতে হয়। যা বিশ্বাস ও নির্ভরযোগ্যতার শক্তিশালী ভিত্তি তৈরি করে। কিন্তু সঙ্গী যদি অসৎ থাকে তাহলে সেখানে সন্দেহ থাকা স্বাভাবিক। এ অবস্থায় কাছের মানুষদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে ওই সম্পর্ক থেকে সরে আসা ভালো সিদ্ধান্ত।
আপনার সঙ্গী যখন আপনাকে কিছু বলার বা বোঝানোর চেষ্টা করছে তখন তা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আপনার ইচ্ছা না থাকলেও তাকে তখন কোনোভাবেই এড়িয়ে যাবেন না। একে অপরের কথায় গুরুত্ব দিলে সহজেই জটিলতাগুলোর সমাধান সম্ভব হয়
বিভিন্ন ছুটির দিনগুলোতে সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। বিভিন্ন উৎসবের দিনে একসঙ্গে ঘুরতে বা খেতে যেতে পারেন। বাসায় থেকেও নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটানো যেতে পারে। ছুটির দিনে একসঙ্গে ঘরের কাজ করা বা একটু একান্তে সময় কাটানো আপনাদের সম্পর্ককে আরও বেশি ভালো করে তুলতে সক্ষম।
একজন সঙ্গীর কাছ থেকে যেকোনো স্বপ্ন, লক্ষ্য ও মানসিক পরিস্থিতিতে সাপোর্ট পাওয়া জরুরি এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে উভয়েরই পরস্পর সাপোর্ট থাকতে হবে। যা ব্যক্তিগত ও সম্পর্কের উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















