চট্টগ্রাম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি, অতঃপর...

মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি দম্পতির

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৪৫ অপরাহ্ণ

মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগ তুলে দোকানির কাছে ক্ষতিপূরণ হিসেবে নগদ টাকা ও আইফোন দাবি করার অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের এক কনটেন্ট ক্রিয়েটর দম্পতির বিরুদ্ধে। দাবি পূরণ না হলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিষ্টির ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।

 

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগরে। অভিযুক্ত দম্পতি হলেন সহেলি দে সূত্রধর ও তার স্বামী সুব্রত দে। তাদের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেছেন শ্রীকৃষ্ণ সুইটসের মালিক নয়ন ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সহেলি ও সুব্রত হাবড়ার প্রফুল্লনগরে শ্রীকৃষ্ণ সুইটসে যান। মিষ্টি খাওয়ার পর তারা মিষ্টির মধ্যে পোকা থাকার অভিযোগ তোলেন। এ নিয়ে দোকানের মালিকের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়।

 

 

অভিযোগ রয়েছে, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে দোকান মালিক নয়ন ঘোষের হোয়াটসঅ্যাপে পোকা ধরা মিষ্টির ছবি ও ভিডিও পাঠানো হয়। এরপর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে একাধিকবার ফোন করা হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে তাকে অভিযুক্তদের বাড়িতে যেতে বলা হয়।

 

 

নয়ন ঘোষের দাবি, তিনি অভিযুক্ত দম্পতির বাড়িতে গেলে তারা জানান, আইফোন ও নগদ অর্থ দিলে ছবি ও ভিডিও মুছে ফেলা হবে। অন্যথায় সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। দোকান মালিকের আরও অভিযোগ, মিষ্টির মধ্যে ইচ্ছাকৃতভাবে পোকা রাখা হয়েছিল। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে।

 

 

নয়ন ঘোষ বলেন, তার মিষ্টি তৈরির কারখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্যসুরক্ষা বিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হয়। তাই মিষ্টির মধ্যে পোকা পাওয়ার অভিযোগ নিয়ে তার সন্দেহ তৈরি হয়েছে। তার দাবি, ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা এবং অর্থ আদায়ের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর সহেলি দে সূত্রধর ও সুব্রত দের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন নয়ন ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দম্পতিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

 

 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা হয়েছে। তবে মিষ্টিতে পোকা থাকার অভিযোগ এবং দোকান মালিকের করা ব্ল্যাকমেইলের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট