চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ: প্রতিমন্ত্রী

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ৮:৫৪ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হচ্ছে। শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি অভিজ্ঞ সহকারী শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়াও এগিয়ে নেয়া হচ্ছে। এ দুই উদ্যোগ বাস্তবায়িত হলে সহকারী শিক্ষক পদে নতুন করে বড় নিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে। বিদ্যমান নিয়োগবিধি অনুযায়ী পদোন্নতির প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডের হওয়ায় নিয়োগ পরীক্ষা পিএসসির মাধ্যমে সম্পন্ন করতে হয়। এ কারণে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে কমিশনের সঙ্গে সমন্বয় প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি শেষ হলে সহকারী শিক্ষকের বহু পদ খালি হবে। এর ফলে সহকারী শিক্ষক পদে নতুন করে বড় নিয়োগের সুযোগ তৈরি হবে।

সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকেরা ইতিমধ্যে বিদ্যালয়ে যোগ দিয়ে পাঠদান শুরু করেছেন।

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট